Home      News

News

 

Share This:

 

 

 

News

Stamford University Bangladesh White Logo
‘Through Lens and Stage 2026’
News Image
Nov 5, 2026
চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজনে স্টামফোর্ডে অনুষ্ঠিত হলো ‘Through Lens and Stage 2026’
চলচ্চিত্র প্রদর্শনী, দুর্নীতিবিরোধী সচেতনতামূলক আলোচনা, নির্মাতার সঙ্গে সরাসরি মতবিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বার্ষিক আয়োজন ‘Through Lens and Stage 2026’।
গত ৫ নভেম্বর ২০২৬, স্টামফোর্ড ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (SUPS), স্টামফোর্ড ইউনিভার্সিটি ড্রামা সোসাইটি (SUDS) এবং স্টামফোর্ড ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (YES) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সুস্থ বিনোদনের প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যাশাকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার। স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরিফ নাফে আস-সাবের। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মতিন রহমান, স্টামফোর্ড ইয়েসের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মাহমুদা পারভীন, স্টামফোর্ড ড্রামা সোসাইটির আহ্বায়ক সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা এবং স্টামফোর্ড ফটোগ্রাফিক সোসাইটির আহ্বায়ক জ্যেষ্ঠ প্রভাষক কাজী সালমান শীশ। এ ছাড়া শিক্ষার্থী কল্যাণ দপ্তরের উপদেষ্টা তামান্না জেরিন।
অনুষ্ঠানের প্রথম পর্বে বঙ্গ বিডি নির্মিত মুজিবুল ইসলাম স্বাধীনের চলচ্চিত্র ‘চেক আউট’ প্রদর্শিত হয়। এরপর অনুষ্ঠিত হয় ‘কনটেন্ট ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক আলোচনা’। এতে দায়িত্বশীলভাবে ডিজিটাল কনটেন্ট তৈরি ও ব্যবহারের পাশাপাশি সামাজিক সচেতনতা এবং দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
দিনের অন্যতম আকর্ষণ ছিল নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’র প্রদর্শনী। প্রদর্শনী শেষে নির্মাতার সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তিনি চলচ্চিত্রটি নির্মাণের অভিজ্ঞতা, নেপথ্যের নানা ঘটনা এবং চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করেন।
অমিতাভ রেজা চৌধুরী বলেন, “আরামে থেকে কখনো সিনেমা বানানো সম্ভব নয়। ভালো সিনেমা নির্মাণ করতে হলে প্রথমে নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে।” চলচ্চিত্র নির্মাণে কঠোর পরিশ্রম, নতুন অভিজ্ঞতা অর্জন এবং নিবিড় গবেষণার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা চলচ্চিত্র নির্মাণ, গল্প বলার কৌশল, চিত্রনাট্য রচনা এবং দেশের চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। তিনি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিজের নির্মাণ-অভিজ্ঞতা ও চলচ্চিত্রশিল্পের নানা দিক তুলে ধরেন।
দিনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশেষ আকর্ষণ ছিল ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির হাস্যরসাত্মক পরিবেশনা। এরপর নৃত্য ও সংগীত পরিবেশনায় অংশ নেন শিক্ষার্থীরা। স্টামফোর্ড ড্রামা সোসাইটির সদস্যদের বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
চলচ্চিত্র প্রদর্শনী, সচেতনতামূলক আলোচনা, নির্মাতার সঙ্গে সরাসরি মতবিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
ছবি: অরণ্য খন্দকার, অঙ্কন কুন্ডু ও সৌম্য সাহা।